চট্টগ্রাম আইনজীবী হত্যায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে ভার্চ্যুয়াল শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় তাঁর অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ হয়। এ সময় সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের তদন্তে জানা যায়, চিন্ময়ের অনুসারীরা সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে টেনে নিয়ে গিয়ে বঁটি, কিরিচ, লাঠি ও ইট দিয়ে আঘাত করে হত্যা করে। এই মামলায় ইতিমধ্যে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি রয়েছেন। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে জামিন স্থগিতের আবেদন করেছে। তবে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম অর্ধদিবস বন্ধ থাকায় শুনানি পিছিয়ে গেছে।

চিন্ময়ের জামিন বাতিল ও সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ হয়েছে। আইনজীবী ও সাধারণ ছাত্ররা আদালত এলাকায় বিক্ষোভ করেন এবং চিন্ময়ের ফাঁসির দাবি জানান।