আজ থেকে বাজারে মিলবে সাতক্ষীরার ৫ জাতের আম
সাতক্ষীরার সুস্বাদু আম আজ ৫ মে থেকে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে। এ বছর প্রথম ধাপে বাজারে এসেছে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস ও দেশীয় বৈশাখী জাতের আম।
সোমবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের একটি আমবাগানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আম সংগ্রহের উদ্বোধন করেন। তিনি জানান, সাতক্ষীরার মাটি ও আবহাওয়ার কারণে এখানকার আম দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আগে পাকে, ফলে বাজারে এর চাহিদা ও দাম উভয়ই বেশি থাকে।
জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০ মে থেকে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে। নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম সংগ্রহ, সংরক্ষণ বা বাজারজাতকরণে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি বিভাগের সহায়তায় কঠোর নজরদারি থাকবে।
এ বছর সাতক্ষীরা জেলা থেকে প্রায় ৭০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রপ্তানিযোগ্য আমের গুণগত মান নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ বন্ধ রাখা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সাতক্ষীরার ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে প্রায় ৫ হাজার আমবাগানে ৬২ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সাতক্ষীরার আমের খ্যাতি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও রয়েছে। ২০১৫ সাল থেকে এই জেলার আম ইউরোপের বাজারে রপ্তানি হয়ে আসছে।
সাতক্ষীরার আমের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং বিশুদ্ধ ও নিরাপদ আম বাজারজাতকরণের লক্ষ্যে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ একযোগে কাজ করছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আম সংগ্রহ ও বাজারজাতকরণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট ও বিশেষ তদারকি দল কাজ করবে। কৃষক ও ব্যবসায়ীদের সচেতন করতে চালানো হবে প্রচার অভিযানও।
সাতক্ষীরার আমের মৌসুম শুরু হওয়ায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা আশাবাদী, এ বছরও আমের চাহিদা ও দাম ভালো থাকবে। তারা আশা করছেন, দেশের বাজারের পাশাপাশি বিদেশেও সাতক্ষীরার আমের চাহিদা আরও বাড়বে।
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


.jpg)
.jpg)
.jpg)