ছবি: সংগৃহীত

শারীরিক সুস্থতা ও ওজন নিয়ন্ত্রণে রাখতে নানা ধরনের পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে চলছেন অনেকেই। সময়ের সঙ্গে জনপ্রিয়তা পাচ্ছে একটি সাধারণ ঘরোয়া উপায়—খালি পেটে লেবুর রস মেশানো গরম পানি পান করা। বিশেষ করে স্বাস্থ্য সচেতনদের মধ্যে এটি বেশ প্রচলিত হয়ে উঠেছে।

পুষ্টিবিদদের মতে, এই পানীয়টি খালি পেটে প্রতিদিন একটানা ৩০ দিন পান করলে শরীরে দেখা দিতে পারে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন। তবে কয়েক দিন খেয়েই ফল পাওয়ার আশা করা ঠিক নয়।

কী উপকার মিলতে পারে নিয়মিত লেবুপানিতে?

  • ত্বকের উজ্জ্বলতা বাড়ায়: পাতিলেবুতে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে।

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: প্রতিদিন লেবুপানি খেলে শরীরের ইমিউন সিস্টেম আরও সক্রিয় হয়।

  • ওজন নিয়ন্ত্রণে সহায়ক: এই পানীয় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা দীর্ঘমেয়াদে ওজন কমাতে সহায়তা করে।

  • হজমে সহায়ক: হজম শক্তি বাড়ায়, গ্যাস ও বদহজমের সমস্যা কমায়।

  • দুর্গন্ধ দূর করে: মুখ ও ত্বকের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু ধ্বংসে কার্যকর।

  • পানির ভারসাম্য বজায়: লেবুর স্বাদ পানিতে মিশলে পানি পান করতে ভালো লাগে, ফলে শরীরে হাইড্রেশন বজায় থাকে।

পান করার সঠিক পদ্ধতি

এক গ্লাস কুসুম গরম বা ঘরের তাপমাত্রার পানিতে একটি বড় লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করা উচিত। তবে যাদের অ্যাসিড রিফ্লাক্স বা অম্লতা রয়েছে, তাদের এই পানীয় গ্রহণে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

বিশেষ পরামর্শ: কোনো ঘরোয়া পদ্ধতি নিয়মিত প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

সূত্র: আনন্দবাজার পত্রিকা