ইমরানের গানে মাতোয়ারা দাম্মাম শহর

সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি সৌদি আরবের দাম্মাম ও জেদ্দায় পরপর দুটি কনসার্টে অংশ নিতে গিয়েছেন। এর মধ্যে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে দাম্মামের খুবার শহরের আল ইসকান পার্কে বিশাল আয়োজনে নিজের ব্যান্ড ‘আই কিংস’-কে নিয়ে ১ ঘণ্টা ৪৫ মিনিট ধরে গান পরিবেশন করেন তিনি।

শো শুরু হওয়ার আগেই হাজার হাজার প্রবাসী বাংলাদেশি দর্শক পার্কে ভিড় জমায়, যা এক সময় লাখ ছাড়িয়ে যায়। পার্কের বাইরেও অনেক দর্শক ভেতরে ঢোকার অপেক্ষায় ছিলেন, কিন্তু ভেতরে উপচে পড়া ভিড়ের কারণে তারা প্রবেশ করতে পারেননি।

ইমরান একের পর এক জনপ্রিয় গান, যেমন ‘তুই কী আমার হবিরে’, ‘এমন একটা তুমি চাই’, ‘দিয়েছি তোকে দিল দিল দিল’, ‘ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো’, ‘দূরে দূরে’, ‘সখি তোমারে বাঁধিবো’, ‘এ জীবনে যারে চেয়েছি’, ‘ফিরে আসেনা’, ‘রাত ভোর’ পরিবেশন করে দর্শক মাতিয়ে রাখেন।

শো শেষে ইমরান জানান, দাম্মামের দর্শকের ভালোবাসায় তিনি অভিভূত এবং এই ভালোবাসাই শিল্পীদের নতুন করে অনুপ্রেরণা দেয় আরও ভালো কাজ করার জন্য।