গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ২৪ জন নিহত, মানবিক বিপর্যয় আরও গভীর

সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় রবিবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

দক্ষিণ গাজার খান ইউনুস গভর্নরেটের আল-মাওয়াসি এলাকায় এক আবাসিক ভবনে বিমান হামলায় ছয়জন প্রাণ হারান, যাদের মধ্যে দুই শিশু (পাঁচ ও দুই বছর বয়সী) রয়েছে — এ তথ্য নিশ্চিত করেছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত দুই দিনে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ১০০টির বেশি “সন্ত্রাসী লক্ষ্যবস্তু”তে হামলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে আক্রমণ শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪৩৬ জনে। আর পুরো যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৫২,৫৩৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।

বিশ্লেষকরা বলছেন, এসব হামলার ফলে গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর আকার ধারণ করছে।

 

তথ্যসূত্র: আল-জাজিরা