বিএসএফের শক্তি বৃদ্ধি: সীমান্তে আসছে ১৬ নতুন ব্যাটালিয়ন ও দুটি ফরোয়ার্ড হেডকোয়ার্টার

সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর জন্য আরও ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে প্রায় ১৭ হাজার জওয়ান যুক্ত হবেন। পাশাপাশি, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে পশ্চিম ও পূর্ব কমান্ডের অধীনে দুটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। পিটিআই সূত্রে জানা গেছে, নীতিগত অনুমোদন ইতিমধ্যেই মিলেছে এবং চূড়ান্ত অনুমোদন পেলে এটি বিএসএফের জন্য এক বড় শক্তি হবে।

বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে বিএসএফের ১৯৩টি ব্যাটালিয়ন কাজ করছে, যেখানে প্রতিটি ব্যাটালিয়নে এক হাজারের বেশি সদস্য থাকে। নতুন ১৬টি ব্যাটালিয়ন এই বাহিনীকে সীমান্ত পাহারায় আরও সহায়তা করবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি ফরোয়ার্ড হেডকোয়ার্টারের অনুমোদন দিয়েছে—একটি জম্মুতে, যা জম্মু ও পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের বিপরীতে নিরাপত্তা জোরদার করবে, আর অন্যটি মিজোরামে, যা বাংলাদেশ সীমান্তের নজরদারি বাড়াবে। বিএসএফ শিগগিরই এসব নতুন ইউনিটের জন্য নারী ও পুরুষ সদস্য নিয়োগ শুরু করবে এবং তাদের প্রশিক্ষণ দেবে। অনুমান করা হচ্ছে, আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এসব ইউনিট পুরোপুরি গঠন সম্পন্ন হবে।