ভারতের ‘আগ্রাসন’ মোকাবেলায় জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান

সংগৃহীত

পাকিস্তান জানিয়েছে, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ভারতের পক্ষ থেকে পাকিস্তানে চেনাব নদীর পানিপ্রবাহ কমিয়ে দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর রবিবার এ ঘোষণা আসে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সম্পর্কে নিরাপত্তা পরিষদকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসন, উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানাবে। বিশেষ করে, সিন্ধু পানিচুক্তি স্থগিত করার মতো ভারতের ‘অবৈধ’ পদক্ষেপের বিষয়টিও তুলে ধরা হবে। ইসলামাবাদ জানিয়েছে, দিল্লির এসব পদক্ষেপ কীভাবে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে, তাও পরিষদে স্পষ্টভাবে উপস্থাপন করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রকৃত তথ্য তুলে ধরতে পাকিস্তান এ গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। নয়াদিল্লি এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যদিও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এতে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: দ্য ডন