গাজায় ইসরায়েলি বর্বরতা থামছে না, আরও ৪০ ফিলিস্তিনি নিহত

ফাইল ছবি

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে মোট নিহতের সংখ্যা ৫২ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৯১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৪৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ হাজার ৪৫০ জন। এছাড়া অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

ইসরায়েলের এই সামরিক অভিযান আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত গাজায় মানবিক সহায়তা প্রবেশের বাধা এবং যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু করেছে। ইসরায়েল আদালতকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করলেও, মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট চলছে এবং অধিকাংশ মানুষ দিনে এক বেলার খাবারও পাচ্ছেন না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে। তিনি গাজার জনগণকে "স্বেচ্ছায়" অন্য দেশে পুনর্বাসনের পরিকল্পনার কথাও জানিয়েছেন, যা মানবাধিকার সংস্থাগুলো জোরপূর্বক বাস্তুচ্যুতি হিসেবে দেখছে।

গাজায় চলমান এই মানবিক সংকট এবং ইসরায়েলের সামরিক আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে এখনও পর্যন্ত সংঘাতের অবসানে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।