পাক হ্যাকারদের সাইবার থাবা, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট বিপর্যস্ত

অধিকৃত কাশ্মীরের পহেলগাঁওতে প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালিয়েছে পাকিস্তানের একটি হ্যাকার গোষ্ঠী, যার ফলে বেশ কিছু সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে যে, পাকিস্তানি হ্যাকাররা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হামলা চালিয়ে প্রতিরক্ষা কর্মীদের লগইন আইডি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার চেষ্টা করছে।

 

ভারতীয় সেনাবাহিনী জানায়, ‘পাকিস্তান সাইবার ফোর্স’ নামের একটি হ্যাকার গ্রুপ ইতোমধ্যে ভারতীয় মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের বেশ কিছু সংবেদনশীল তথ্য চুরি করেছে। এই তথ্যগুলো সাইবার হামলার মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।

 

এছাড়া, জানা গেছে যে, হ্যাকার দলটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং আর্মড ভেহিকেল নিগম লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটটিও হ্যাক করে বিকৃত করার চেষ্টা করছিল। বিকৃতির উদ্দেশ্যে পাকিস্তানি পতাকা এবং আল খালিদ ট্যাঙ্কের ছবি ব্যবহার করা হয়েছিল।

ভারতীয় সেনাবাহিনী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমর্ড ভেহিকেল নিগম লিমিটেডের ওয়েবসাইটটি অফলাইন করে দিয়েছে, যাতে হ্যাকাররা তাদের উদ্দেশ্যে সফল হতে না পারে। পাশাপাশি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য পরবর্তী সাইবার আক্রমণ প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করছে।

 

ভারতীয় সেনাবাহিনী জানায় যে, সাইবার নিরাপত্তা সুরক্ষা আরও শক্তিশালী করা হয়েছে এবং ডিজিটাল প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ভারতের নিরাপত্তা অবকাঠামো আরও শক্তিশালী করার চেষ্টা চলছে, যাতে পরবর্তী সময়ে সাইবার আক্রমণগুলোর বিরোধিতা করা সম্ভব হয়।

এই সাইবার আক্রমণ ভারত-পাকিস্তান সম্পর্কের মধ্যে এক নতুন মাত্রা যোগ করেছে, এবং তা দু’দেশের মধ্যে চলমান উত্তেজনার একটি নতুন দিক তুলে ধরেছে।