ছবি : সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরের মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পারভিন আক্তার (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোর ৪টার দিকে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। বর্তমানে আরও একজন নারী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর দগ্ধ তানজিলা বেগম (৩০) এখনও হাসপাতালে ভর্তি আছেন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৭ এপ্রিল রাতে পারভিন আক্তার নিজ বাসায় রান্না করছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পারভিনসহ পাঁচজন দ*গ্ধ হন।

দগ্ধদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

২৮ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিমা আক্তার। পরদিন মারা যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা। শনিবার দগ্ধ শিশু আয়ান মারা যায়। সর্বশেষ রোববার মা*রা যান আয়ানের মা পারভিন আক্তার।

গুরুতর দগ্ধ তানজিলাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

স্থানীয়রা বলছেন, অগ্নিকাণ্ডের পর থেকেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।