কোরবানির পশুর চামড়াসংক্রান্ত প্রধান উপদেষ্টার নির্দেশনা

সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, পশু পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। রোববার (৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, মানুষ কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন সমাজের হতদরিদ্র মানুষ, যারা এই চামড়ার টাকার ওপর অনেকটা নির্ভরশীল। এই অনিয়ম দূর করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, পশুর চামড়ার দামের ওপর একটি সিন্ডিকেটের প্রভাব রয়েছে, তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে কোনো সিন্ডিকেট বা বিশৃঙ্খলার কারণে মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন। এছাড়া পশু পরিবহন ও হাটে বিক্রির সময় যেন পশুর প্রতি নির্দয় আচরণ না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। চামড়া প্রক্রিয়াজাতকরণে ইটিপির (ETP) সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে, সেখানে আরও থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধি।

আজকের বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।