‘হত্যার উদ্দেশ্যে’ হাসনাতের ওপর হামলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা। রোববার (৪ মে) রাত সাড়ে ১০টায় শহরের কলেজ রোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। 

এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাচলের কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমাব তনু, নারায়ণগঞ্জ শাখার সংগঠক তানজীমুল ইসলাম, আতাউর রহমান, মোস্তফা খন্দকারসহ আরও অনেকে। 

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ওপর সন্ত্রাসী হামলার চালানো হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।