আদালতে হাজী সেলিমের চিৎকার, পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা

ছবিঃ সংগৃহীত

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (৫ মে) সকাল ১০টা ১০ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তাকে কাঠগড়ায় তোলা হলে তার হাতে একটি পত্রিকার পৃষ্ঠা দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে এক পুলিশ সদস্য সেই পৃষ্ঠাটি নিতে গেলে হাজী সেলিম চিৎকার করে ওঠেন এবং পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময়েও হাজী সেলিম পুলিশের সঙ্গে চিৎকার-চেঁচামেচিতে লিপ্ত হন। পরে শান্ত হলে তাকে ধীরে ধীরে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পেছন দিক থেকে পিছমোড়া করে বাঁধা ছিল।

উল্লেখ্য, হাজী সেলিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এর আগে, গত বছরের ১ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।