অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারী নিহত

ব্যাটারিচালিত অটোরিকশা|ছবি : সংগৃহীত

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২০) নামে নারী নিহত হয়েছেন।

সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া কিশোরগঞ্জ সদর উপজেলা নিউটাউন গ্রামের মো: তকি তাহমিদের স্ত্রী। বাবার নাম আব্দুল কাইয়ুম। স্বামীর সাথে রাজধানীর সবুজবাগের বাসাবো বউবাজার এলাকায় থাকতেন সাদিয়া।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভাই ও বোন অটোরিকশায় করে যাচ্ছিল। ওড়না পেঁচিয়ে মারা গেছে। খবর শুনেছি। একজন অফিসার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

জানা গেছে, ভাই তামজিদের সাথে আফতাবনগর পাসপোর্ট অফিসে গিয়েছিলেন ভেরিফিকেশনের জন্য। সেখানকার কাজ শেষে একটি অটোরিকশায় উঠেছিলেন গুলশান কালাচাঁদপুরে বড় বোনের বাসায় যাওয়ার জন্য। পথে আফতাবনগর মোড়ে রিকশার চাকায় গলার ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন সাদিয়া। তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।