ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষায় নকল সহায়তার অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষকদের তালিকা প্রস্তুত করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড সূত্রে জানা গেছে, এই তালিকা অনুযায়ী শিগগিরই তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার, ৫ মে, ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি চিঠি জারি করা হয়, যাতে এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর নীতিমালা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত কেন্দ্রসচিব ও কক্ষ পরিদর্শকদের সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করে আগামী ১৪ মে’র মধ্যে ই-মেইলের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

চিঠিতে বলা হয়, "এসএসসি পরীক্ষার যেসব কেন্দ্রে পরীক্ষা পরিচালনায় নীতিমালা পরিপন্থি কাজের জন্য কেন্দ্রসচিব এবং কক্ষ পরিদর্শক বহিষ্কৃত বা দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন, তাদের বিস্তারিত তথ্য নির্ধারিত ছকের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।"

এদিকে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় নকলের হার বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর নকলের সহায়তা করতে গিয়ে অনেক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, নকল বা অসদুপায় অবলম্বনে সহায়তা করার দায়ে কেন্দ্রসচিব এবং কক্ষ পরিদর্শকদের বরখাস্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে, শিক্ষা বোর্ড আগামীতে পরীক্ষা কেন্দ্রগুলোর কার্যক্রমে স্বচ্ছতা এবং ন্যায়সংগত পরিবেশ নিশ্চিত করতে চায়।