৩ দিনের মাথায় জামিনে মুক্ত আ’লীগ নেতা

গ্রেফতারের তিন দিনের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান। নতুন মামলায় তাকে শ্যোন অ্যারেস্টের আবেদন নামঞ্জুর করায় সোমবারই মুক্তি পান তিনি।

 

সোমবার (৫ মে) সন্ধ্যায় দৈনিক নয়া দিগন্তকে তার মুক্তির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান।

 

এর আগে বৃহস্পতিবার (২ মে) ভোররাতে নগরীর শেখঘাট এলাকার নিজ বাসা থেকে বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। পরে রোববার (৪ মে) শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো: সগির আহমদ তার জামিন মঞ্জুর করেন। এরপর পুলিশের পক্ষ থেকে তাকে নতুন মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায়। কিন্তু আদালতে সেটি নামঞ্জুর করেন। ফলে তিনি জামিনে মুক্তি লাভ করেন।

 

এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানায় আরো একটি মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার জড়িত থাকার অভিযোগে আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়। আদালত আবেদন নামঞ্জুর করেন।

 

এর আগে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে মাহফুজুর রহমানকে আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শরিফুল হক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

 

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে সিলেটের অধিকাংশ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার বা আত্মগোপনে যেতে দেখা গেলেও মাহফুজুর রহমান ব্যতিক্রম ছিলেন। এতদিন তিনি প্রকাশ্যেই স্বাভাবিক রাজনৈতিক ও আদালতের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।