দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা ডা. জোবাইদা রহমান ফিরে পাচ্ছেন সরকারি চাকরি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান আবারও সরকারি চাকরিতে ফিরে আসছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ করে দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালে দেশে ফিরে কর্মস্থলে যোগ না দেওয়ায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরি বাতিল করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক জানিয়েছেন, ডা. জোবাইদা রহমান মঙ্গলবার দেশে ফিরেছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তার চাকরি পুনর্বহালের প্রস্তাব প্রক্রিয়াধীন রেখেছে।
ডা. জোবাইদা রহমান ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সরকারি চিকিৎসক হিসেবে যোগ দেন। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। কিন্তু নির্ধারিত সময়ে দেশে ফিরে না আসায় স্বাস্থ্য মন্ত্রণালয় তার চাকরি বাতিল করে।
জানা যায়, সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করা ডা. জোবাইদা রহমান শিক্ষা ছুটির সময়সীমা শেষ হলেও রাজনৈতিক অস্থিরতা ও তৎকালীন সরকারে বিভিন্ন বাধার কারণে দেশে ফিরতে পারেননি। দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার সকালে তিনি দেশে ফিরে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এখন তার চাকরি পুনর্বহাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চলমান রয়েছে।

.jpg)




.jpg)
.jpg)
.jpg)