শাপলা চত্বরে নিহত শহীদদের তথ্য প্রকাশ করলো হেফাজত

সংগৃহীত

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির জনসংযোগ বিভাগ জানায়, এই তালিকাটি এখনো যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হেফাজতের মুখপাত্র কেফায়েতুল্লাহ আজহারী গণমাধ্যমকে বলেন, তদন্ত ও তথ্য যাচাই প্রক্রিয়া চলছে, তাই চূড়ান্ত তালিকা প্রকাশে কিছুটা সময় লাগবে। তবে এই নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিতর্ক রয়েছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ তাদের অনুসন্ধান শেষে ২০২৪ সালের ১৯ আগস্ট ৬১ জন নিহতের একটি তালিকা প্রকাশ করে। অন্যদিকে, তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেট মাঠ পর্যায়ের তদন্তে জানান, ৫ ও ৬ মে’র সংঘর্ষে অন্তত ৫৮ জন নিহত হয়েছিলেন।

উল্লেখ্য, ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এবং নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম ওইদিন শাপলা চত্বরে সমাবেশ করেছিল, যেখানে হাজার হাজার কওমি মাদ্রাসার আলেম-ছাত্র ও সাধারণ মুসল্লি অংশ নেন। রাত গভীর হলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে তাদের সরিয়ে দেয়। হেফাজতের দাবি, ওই অভিযানে বহু মানুষ নিহত হন, এবং এবার যে ৯৩ জনের নাম প্রকাশ করা হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই যুবক; তালিকায় নিহতদের নাম, ঠিকানা এবং পরিবারের তথ্য উল্লেখ করা হয়েছে।