ছেলের ইমামতিতে অনুষ্ঠিত হলো ব্যারিস্টার রাজ্জাকের প্রথম জানাজা

সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) রাত সাড়ে ৮টায় ধানমন্ডির তাক্বওয়া মসজিদে তার প্রথম জানাজা হয়, যেখানে ইমামতি করেছেন তার ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী। জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যারিস্টার রাজ্জাকের দ্বিতীয় জানাজা হবে সোমবার (৫ মে) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং তৃতীয় জানাজা বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

ব্যারিস্টার রাজ্জাক রোববার বিকেলে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং গত ২১ এপ্রিল ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্ম নেওয়া রাজ্জাক লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন। দেশে ফিরে তিনি ১৯৮৬ সালে হাইকোর্টে এবং পরে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০২ সালে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীর মর্যাদা লাভ করেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে, এবং দুই ছেলেই ব্যারিস্টার হিসেবে সুপ্রিম কোর্টে কর্মরত।