ঈমান ও তাকওয়ার সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালনের আহ্বান জামায়াত আমিরের

সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঈমান ও তাকওয়ার সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের দায়িত্ব সম্পন্ন করতে হবে।

রোববার (৪ মে) বিকেলে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দুদিনব্যাপী জেলা ও মহানগর আমিরদের সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাসূল (সা.)-এর জীবন আমাদের জন্য এক অনুকরণীয় আদর্শ। আল্লাহর আদেশ এবং রাসূলের সুন্নাহ মেনে চলাই আমাদের পথ। নানা অন্যায়-নির্যাতনের মধ্যেও আমরা আল্লাহর রহমতে সত্যের ওপর অবিচল রয়েছি। আমাদের সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং ঈমান ও তাকওয়ার সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ ত্যাগ করতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা কখনোই অধৈর্য হইনি, মিথ্যা মামলার মুখেও অন্যায়ের কাছে মাথানত করিনি। সংগঠনের দেওয়া শিক্ষা ও প্রশিক্ষণ হয়তো কঠিন মনে হতে পারে, তবে সঠিকভাবে দায়িত্ব ভাগ করে পালন করলে আল্লাহ তা সহজ করে দেবেন, ইনশাআল্লাহ।