গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ১২

ছবিঃ সংগৃহীত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, হাসনাত আব্দুল্লাহ একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার পথে তার গাড়ির পেছনে ৪-৫টি মোটরসাইকেলে করে ১০-১২ জন অনুসরণ করে। চান্দনা চৌরাস্তা পার হওয়ার পর তারা গাড়িতে পাথর ছুড়ে হামলা চালায়। হামলায় গাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং হাসনাতের হাতে আঘাত লাগে। তিনি গাড়ি চালিয়ে বোর্ডবাজার এলাকার আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়

হামলার পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে জানান, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।”

ঘটনার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে কেউ গ্রেপ্তার হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি

এনসিপির পক্ষ থেকে হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।