মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবে বিএনপি

ফাইল ছবি

প্রায় চার মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকালে দেশে ফিরছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন 'ফিরোজা' পর্যন্ত পথে পথে তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে তাকে স্বাগত জানাবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, খালেদা জিয়ার আগমনের দিন বিমানবন্দর থেকে তার বাসভবন পর্যন্ত যাত্রাপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাও থাকবে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। প্রথম ১৭ দিন তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর থেকে তিনি তারেক রহমানের বাসভবনে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি।