ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন আগেই ছিল। শেষ পর্যন্ত সেটিই বাস্তব রূপ পেল। সদ্য ঘোষিত স্কোয়াডে লিটন দাসকে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর ডেপুটি হিসেবে রাখা হয়েছে শেখ মেহেদী হাসানকে, যা অনেকের কাছে ছিল একপ্রকার চমক।

রোববার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাসের নাম প্রত্যাশিত হলেও সহ-অধিনায়ক হিসেবে শেখ মেহেদীর নাম ঘোষণা করতেই কক্ষে উপস্থিত সাংবাদিকরা বিস্ময় প্রকাশ করেন।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, “শেখ মেহেদী অভিজ্ঞ এবং টি-টোয়েন্টি দলে অপরিহার্য, তাই তাঁকেই ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে।”

 

তবে শেখ মেহেদীর এমন দায়িত্ব পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন দেশের সাবেক দুই অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও খালেদ মাসুদ পাইলট। ঘরোয়া ক্রিকেটে কখনো শেখ মেহেদীর নেতৃত্বের নজির নেই বলেই মন্তব্য করেন তাঁরা।

সুজন বলেন, “আমি শেখ মেহেদীর অধিনায়কত্ব কখনো দেখিনি। সে খারাপ নয়, তবে ভবিষ্যতের কথা চিন্তা করলে তাওহীদ হৃদয় ভালো বিকল্প হতে পারত। ওর ক্রিকেট মেধাও অনেক ভালো।”

পাইলটের ভাষায়, “তাওহীদ হৃদয়কে সহ-অধিনায়ক হিসেবে রাখা হলে সেটা দলের জন্য বেশি কার্যকর হতো। কারণ, ও টি-টোয়েন্টির প্রতিটি ম্যাচে খেলার সম্ভাবনাই বেশি।”

 

যদিও হৃদয় আলোচনায় ছিলেন, কিন্তু সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করে বিতর্কের জন্ম দেন তিনি। মাঠে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার, সংবাদ সম্মেলনে হুমকি এবং ম্যাচ রেফারির প্রতি অশোভন আচরণ তাঁকে নিষেধাজ্ঞার কবলে ফেলে।

এই সবকিছু বিবেচনায় রেখে বিসিবি হয়তো তাঁকে নেতৃত্বের দায়িত্ব থেকে আপাতত সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

 

এ ছাড়া, ঘোষিত স্কোয়াডে ১৮ ইনিংসে কোনো ফিফটি না পাওয়া নাজমুল হোসেন শান্তর উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। তবে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদের বাদ পড়া কিছুটা আলোচনার খোরাক জোগালেও, সামগ্রিকভাবে দলটি অধিকাংশের কাছে গ্রহণযোগ্য।

 

অধিনায়ক: লিটন কুমার দাস
সহ-অধিনায়ক: শেখ মেহেদী হাসান
ক্রিকেটারগণ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।